রাজনীতি

ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর এই সরকার;মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। এই সরকারকে সরাতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে।

আজ বেলা সাড়ে ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণ পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। এমন একটি মুহূর্তে নাচ-গান গেয়ে বিদেশীদের স্বাগত জানানো হচ্ছে।

বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতৃবৃন্দ বিএনপি কার্যালয় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

সেখানে তিনি আরও বলেন, দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসা সেবা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০ টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করতেছে।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

Related Articles

Back to top button