ভৈরবের ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়েই চলেছে


আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারোসিন্দুর গোধূলি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুমরে মুচড়ে গেলে এ হতাহত ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক।
হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে তাৎক্ষণিক এসে যোগ দেয় স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট, রেলওয়ে এবং জেলা পুলিশ, বিজিবি, র্যাব ও স্থানীয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। পরবর্তীকে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনও সন্ধ্যার পরে এসে যোগ দেয় উদ্ধার কাজে। ঢাকা থেকেও একটি টিম যোগ দেওয়ার কথা রয়েছে।
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ঢাকা,চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আন্তঃনগরসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা নিহতদের পরিবারের সদস্য ও আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।(সুত্র;আমাদের সময়)



