জাতীয়

রওশনপন্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই: জাপা মহাসচিব

আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানালেন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদপন্থী নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক নেই এবং বিষয়টি ‘ক্লোজড’ হয়েছে।

এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘দলে পন্থী বলে কিছু নেই। আমরা রওশন এরশাদকে সম্মান করি। রওশনপন্থীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যে চ্যাপ্টার ক্লোজড, সেটা বারবার কেন আনেন। অনুরোধ করছি বিষয়টা আর আনবেন না, তাহলে আমি কোনো উত্তর দেব না।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ‘এটা শুধু আমাদের দেশে নয়। এ ধরনের আপস অন্যান্য দেশেও হয়। এ বিষয়ে স্থায়ী কোনো কথা বলার সুযোগ নেই। নির্বাচন বা রাজনীতিতে চূড়ান্ত কোনো বিষয় নেই। যে কোনো সময়ে যে কোনো কথার কারণে নতুন সিদ্ধান্ত আসতে পারে। এখানে চূড়ান্ত বলে কিছু নেই।’

কিশোরগঞ্জ-৩ আসনে নিজের প্রার্থিতার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন কমিশনে আপিলের প্রসঙ্গে তিনি বলেন, ‘মনোনয়নপত্রে তথ্যের কথা লেখা আছে ফৌজদারি আইনে। কোনো সিভিল মামলার তথ্য লিখতে হবে, এমন কোনো ঘর নেই। আসলে উনি আমার ইমেজ ক্ষুণ্ন করার জন্য এটা করেছেন। সিভিল মামলার তথ্য দেওয়ার সুযোগ নির্বাচনী আচরণবিধিতে নেই।’

Related Articles

Back to top button