সিকিমে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,নিখোঁজ ১০২


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে,তিস্তা নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
সিকিমে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে ২২ সেনাসদস্যসহ ১০২ জন মানুষ।
তিস্তার তিনটি বাঁধে কাজ করছিলেন ১৪ কর্মী। পানিতে তারাও ভেসে গেছেন। মাঙ্গান জেলার চুংথাং, গ্যাংটক জেলার ডিকচু ও সিংটাম এবং পাকিয়ং জেলার রংপো থেকে আহত ও নিখোঁজদের খবর পাওয়া গেছে।২৫ জনেরও বেশি লোককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন যে তিনি পরিস্থিতির পর্যালোচনা করতে সিংটাম পরিদর্শন করেছেন এবং রাজ্যের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের রাজ্যে যে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে সে সম্পর্কে আমরা সকলেই অবগত। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবার ব্যবস্থা করা হয়েছে।



