১২ কেজির এলপিজি সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল


দেশের বাজারে (এলপিজি) গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
এ সুযোগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। ফলে খুচরা বাজারে রান্নার গ্যাসের দাম দুই হাজার টাকা ছাড়িয়েছে।
বিইআরসি নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে ভোক্তাদের তা কিনতে হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায়। এতে বাড়তি খরচের চাপে পড়েছেন সাধারণ গ্রাহকেরা।
বিইআরসি ও এলপিজি আমদানিকারক সূত্রে জানা গেছে, গত আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বর মাসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার টন। অর্থাৎ এক মাসে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।
দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে। এর প্রায় ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালির রান্নার কাজে। মোট চাহিদার প্রায় ৯৯ শতাংশই সরবরাহ করে বেসরকারি খাত।
তবে বৈশ্বিক নৌপথের জটিলতা দূর না হলে এবং প্রয়োজনীয় কার্গো সরবরাহ নিশ্চিত করা না গেলে অক্টোবর মাসেও এলপিজি সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছেন বিইআরসির চেয়ারম্যান।
চলমান সংকটে একদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে ভোক্তাদের, অন্যদিকে আমদানি ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।



