আবারও বাবা-মা হলেন রাজ-শুভশ্রী


দ্বিতীয়বারের মতো বাবা হলেন টলিউডের নামকরা পরিচালক রাজ চক্রবর্তী, মা হলেন জনপ্রিয় ও গুণী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
কন্যা সন্তানের মা হন শুভশ্রী আজ বৃহস্পতিবার।
এর আগে পরিবারে নতুন অতিথি আগমনের আগাম বার্তা দিয়েছিলেন রাজ-শুভশ্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে যুবানের উচ্ছ্বসিত এক ছবি পোস্ট করে তারা লিখেছিলেন, ‘বড় দাদা হিসেবে যুবানের প্রমোশন হয়ে গেল।’
বাবা হওয়ার খবর জানিয়ে রাজ লিখেছেন, ‘আমাদের সংসারে একমুঠো আনন্দ এলো। আমরা খুব খুশি। আমাদের ছোট্ট রাজকন্যাকে ভালোবাসা ও আর্শীবাদে ভরিয়ে দিন।’
টলিউডের তারকারাও তাদের জানান শুভেচ্ছা। এবার নতুন অতিথির আগমনে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।
২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় রাজ-শুভশ্রীর সম্পর্ক গড়ে ওঠে।
২০১৮ সালে মার্চ মাসে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেই বছরের মে মাসেই বাঁধেন গাঁটছড়া। ২০২০ সালে করোনা মহামারির মাঝেই তারকা দম্পতির ছেলে সন্তান যুবানের জন্ম হয়।



