সন্ত্রাসমূলক তৎপরতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব:ওবায়দুল কাদের


আজ রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সতর্ক আছি। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে যদি কেউ ষড়যন্ত্রমূলক, সন্ত্রাসমূলক তৎপরতা করে সেটা অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। যেখানে ৪১ শতাংশের বেশি ভোট গ্রহণ হয়েছে। পৃথিবীর বহু দেশেই ভোট গণনার দিক দিয়ে বাংলাদেশে ভোট গণনা কম হয়েছে সেটা বলার কোনো সুযোগ নেই। নির্বাচনে ২৮টি দল অংশ নিয়েছে। একটা বিরোধী দলও আছে। জাতীয় পার্টি সংসদের ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।’
তিনি আরও বলেন,‘বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। আন্দোলন করতে জনগণ থাকতে হয়। নেতাকর্মী দিয়ে হয় না। দেশে আন্দোলনের বস্তুগত কোনো ইস্যু নির্বাচনের আগেও ছিল না, এখনো নেই। বিএনপি নেতিবাচক রাজনীতির ধারার কারণে তারা ভুল করেছে। দল চোরাবালিতে আটকে গেছে।’
বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ এবং বাকশাল-২ কায়েম করা নিয়ে দলটির নেতাদের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এরকম কোনো চিন্তা করিনি। তারা নিজেরাই করছে। এ ছাড়া বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা নেই। বিএনপির আন্দোলন কর্মসূচি আষাঢ়ে তর্জন-গর্জন মাত্র। আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি মুখে যা বলেছে তা করে দেখাতে পারেনি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।



