অটোরিকশা বা ই-রিকশা নিবন্ধনের সুযোগ দিয়েছে সরকার


দেশের সব সিটি করপোরেশন এলাকায় একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশা নিবন্ধনের সুযোগ দিয়েছে সরকার।
নতুন বিধিমালা অনুযায়ী, একজন ব্যক্তি এক বা একাধিক সিটি করপোরেশন থেকে এসব যানবাহনের নিবন্ধন নিতে পারবেন। তবে নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না। নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পাশাপাশি নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা (ই-রিক্সা) চলাচল বিধিমালা, ২০২৬’ শীর্ষক বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে।
নতুন বিধিমালায় একজন জাতীয় পরিচয়পত্রধারীর নামে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। এসব নিবন্ধন একই সিটি করপোরেশন থেকে নেয়া যাবে, আবার একাধিক সিটি করপোরেশন থেকেও নেয়া যাবে।
তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য কোনো সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না। অর্থাৎ, নিবন্ধনের ক্ষেত্রে একাধিক সিটি করপোরেশন বেছে নেয়ার সুযোগ থাকলেও প্রতিটি যানবাহনের বাণিজ্যিক চলাচল সংশ্লিষ্ট বিধিমালার শর্ত মেনে করতে হবে।
এক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হবে।আবেদনের ৩০ কার্যদিবস এর মাঝে সকল কাগজপত্র ঠিক থাকলে অনুমোদন পাওয়া যাবে বলেও প্রথমিকভাবে জানা গেছে।



